রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের ১৮০ দিনের কার্যক্রম, নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার কার্যক্রম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে শুক্রবার (২১ আগস্ট) এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। পরে টিএসসি, উপাচার্য চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে আয়োজিত মিছিলে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকার চার মহানগর, থানা ও কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সালেহ মো. আদনান বলেন, সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ সাধারণ মানুষের জন্য উপকারী হয়েছে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাবান্ধব উদ্যোগ নেওয়ায় তারাও সরকারের প্রতি সন্তুষ্ট বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, মানবিক ও জনবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ইতোমধ্যে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

মিছিল থেকে ‘তারেক রহমানের সরকার, শুভ হোক পথচলার’, ‘১৮০ দিনের যাত্রা, সামনে এগোনোর প্রত্যাশা’, ‘ফখরুল ইসলামকে অভিনন্দন, শুভ হোক নতুন দায়িত্ব গ্রহণ’, ‘তারেক রহমানের আয়োজন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন’ এবং ‘তারেক রহমানের আয়োজন, দেশে চলছে বৃক্ষরোপণ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970