মহানবীর আগমনে মানবজাতির জন্য রহমতের দ্বার খুলেছে: রিজভী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর শুভাগমনে সারা বিশ্বে রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-এর দিনে বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব ঘটে। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং মহানবীর প্রদর্শিত পথে চলার ক্ষেত্রে এ দিনটি অনন্য তাৎপর্য বহন করে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে বিশ্বমানবতার জন্য অসাধারণ আলোকবর্তিকা উল্লেখ করে রিজভী বলেন, মহানবীর কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি সহানুভূতি মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে।
তিনি বলেন, কৈশোরকাল থেকেই মহানবী (সা.) মিথ্যার বিরুদ্ধে ছিলেন অকুতোভয়। তিনি কখনো আমানতের খেয়ানত করেননি এবং অন্যের উপকার করাকে পরম কর্তব্য হিসেবে বিবেচনা করতেন।
বিএনপির এই নেতা আরও বলেন, আল্লাহ তায়ালা মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ করেন। মানবজাতির পথপ্রদর্শক হিসেবে আল-কোরআনে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। মহানবীর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা মানবতা প্রতিষ্ঠা, শৃঙ্খলিত জীবনের মুক্তি এবং নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পেয়ে থাকে।