সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজভী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত

দেশে ও বিদেশে অবস্থান করে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের সব প্রচেষ্টা প্রতিহত করতে এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় গড়ে তুলতে সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে। নেতা-কর্মীদের মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, পাহারার ব্যবস্থা করা এবং পূজার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের উদ্দেশে তিনি বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে শিক্ষার বিকল্প নেই। ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারলে একজন মানুষ বঞ্চনা ও প্রতারণার শিকার হতে পারেন। সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। আর শিক্ষার প্রসারে যারা কাজ করেন, তারা অত্যন্ত মহৎ ব্যক্তি বলে আমি মনে করি।

এলাকাবাসীর উদ্দেশে রিজভী বলেন, নবাবগঞ্জ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস বেশি। এখানকার সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এর আগে কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের কাছেই তিনি অত্যন্ত প্রিয়। আমি অনেকবার এ এলাকায় এসেছি। এখানকার প্রতিটি মানুষ তার মাধ্যমে উপকৃত হন। তিনি স্থানীয় মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন।

রিজভী আরও বলেন, আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে খন্দকার আবু আশফাক সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি মনে করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, জীবনকে অর্থবহ করতে শিক্ষা গ্রহণ অপরিহার্য। অন্যদিকে খেলাধুলা ও শরীরচর্চা শরীর গঠনে সহায়তা করে। তাই সুস্থ জীবনের বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের সুস্থ বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফসহ অনেকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970