দেশবাসী তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পিএম

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।

সোমবার ১৯ অক্টোবর রাজধানীর পূর্ব বাড্ডার শ্রীশ্রী নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি মন্দিরটি পরিদর্শনে যান।

নাহিদ ইসলাম বলেন, দেশবাসী তাকিয়ে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। নিজের দায়িত্ব পালনের পরিবর্তে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তিনি ফৌজদারি অপরাধ করে থাকলে আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমানে একজন ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশ অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। তার মতে, এটি গণতন্ত্র ও আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে না।

সংবিধান সংশোধন কমিটি নিয়ে সমালোচনা

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম নিয়েও সমালোচনা করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, এই কমিটির নামে সরকার জনগণের সঙ্গে প্রহসন করছে। কমিটিতে দলীয় বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করা হচ্ছে এবং তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষের প্রত্যাশা ছিল প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ জন্য জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করা প্রয়োজন ছিল।

কিন্তু সরকার এসব বাস্তবায়ন না করে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।

মন্দির পরিদর্শনের সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970