নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম
বিএনপি নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসের শুরুতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’
স্ট্যাটাসে রাশেদ খান দাবি করেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির অনুসন্ধানে অবৈধ প্রমাণিত হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের দেওয়া শোকজ নোটিশেরও যথাযথ জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়।
রাশেদ খানের দাবি, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের পর ডাকসুতে তার পদও বাতিল করা হয়েছে। এরপর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া তাকে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
তিনি আরও দাবি করেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই তাকে জিএস হিসেবে ঘোষণা করা হয়েছে।