মানুষ বলছে আর কখনও বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার ৮৮ বছরের জীবনে কখনো এমন কথা শুনেননি যে সরকার গঠনের পরপরই মানুষ বলছে, এই সরকার টিকবে না। তিনি দাবি করেন, দেশের অনেক মানুষ এখন বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলছেন, তারা আর কখনো দলটিকে ভোট দেবেন না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষ একত্রিত হয়ে ১১ দলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তার ভাষায়, এত সকালে এমন বিশাল জনসমাবেশ আয়োজন করা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়।

তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তিনি চেষ্টা করে দেখতে পারেন, তার দলের নেতাকর্মীরা ঘুম থেকে ওঠেন কি না। কারণ তারা ইবাদত করেন এবং অনেক দেরিতে ঘুমান।

এলডিপির সভাপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি একসময় বলেছিলেন, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাড়।’ এখন তার অবস্থান কী এমন প্রশ্নও তোলেন অলি আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ তুলে অলি আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার অনুরোধে তিনি একসময় সালাহউদ্দিন আহমেদকে তার নিজের এলাকায় নিয়ে গিয়েছিলেন। সালাহউদ্দিন আহমেদ নিজেকে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো কাজ না করার অবস্থানে রেখেছেন উল্লেখ করে অলি আহমদ প্রশ্ন করেন, তিনি এখনো আগের অবস্থানে আছেন কি না এবং থাকলে ১১ দলের সঙ্গে তাদের সমস্যার জায়গা কোথায়।

অলি আহমদ বলেন, দেশ ভালোভাবে পরিচালনার জন্য ঈমানদার মানুষদের বেছে নিতে হবে। বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ পরিচালনা করা যাবে না।

১১ দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে না নিলে ১১ দলের পক্ষ থেকে সরকারকে নিয়মতান্ত্রিকভাবে তা মানতে বাধ্য করা হবে। তাদের প্রথম ধাপের কর্মসূচি শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এখনো সময় আছে, সঠিক পথে চলতে হবে। অন্যরা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে, প্রয়োজন হলে তাদের পরিণতি অনুসরণ করতে হবে।

লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, তারা সন্ত্রাসী দল নন। তারা কোরআন-সুন্নাহ ও আল্লাহর আইন মেনে চলেন এবং সুশাসন প্রতিষ্ঠা করতে চান।

তিনি আরও বলেন, তাদের মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে। তবে গন্তব্যে যাওয়ার পথে কেউ বাধা সৃষ্টি করলে তা অধিকতর শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।

অলি আহমদ বলেন, তারা মেজবান খেতে আসেননি; জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছেন। ইনশাআল্লাহ তা প্রতিষ্ঠা করা হবে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সরকার গঠনের ছয় মাসও পূর্ণ হয়নি—এ অবস্থায় কেন ১১ দল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, এমন প্রশ্ন করা হচ্ছে। জবাবে তিনি বলেন, সরকারের যাত্রা শুরুর ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

মামুনুল হক বলেন, জাতি খলিফা ওমরের মতো নেতৃত্বের ক্ষেত্রে ভুল হলে একচুলও ছাড় না দেওয়ার শপথ নিয়েছে। ক্ষমতার মসনদে বসে জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা হলে প্রথমে তাদের সঠিক পথে ফেরার আহ্বান জানানো হবে। তাতেও কাজ না হলে কঠোরভাবে মোকাবিলা করতে তাদের হাত কাঁপবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, লং মার্চের মাধ্যমে ১১ দল তাদের বার্তা দেওয়া শুরু করেছে। সরকার যদি শুরুতেই সেই বার্তা বুঝতে পারে, তাহলে সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় অতীতে জাতিকে অপমান করা স্বৈরশাসকদের যে পরিণতি হয়েছে, তাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970