বিরোধীদলের লংমার্চে নাশকতার ষড়যন্ত্র হতে পারে: রাশেদ খান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ কর্মসূচিতে সাধারণ মানুষের পরিচয়ে প্রবেশ করে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।
বৃহস্পতিবার নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ আশঙ্কার কথা জানান রাশেদ খান।
তিনি বলেন, আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে কোনো কর্মসূচি করার সক্ষমতা না থাকায় সাধারণ মানুষের বেশে বিরোধী দলের কর্মসূচিতে ঢুকে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।
রাশেদ খান আরও বলেন, গত ১৬ বছরে প্রশাসনসহ রাষ্ট্রের অধিকাংশ খাতকে আওয়ামীকরণ করা হয়েছে। সেই জঞ্জাল থেকে দেশকে রক্ষা করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে বিরোধী দলগুলোর মধ্যে রাষ্ট্র পুনর্গঠনের বিষয়ে তেমন মনোযোগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তার অভিযোগ, আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করে দিতে বিরোধী দল বিভিন্ন ধরনের হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে। রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করেও আওয়ামী লীগ পরিকল্পনা করছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। দীর্ঘ এই পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকলেও কর্মসূচিতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকারি দলের লোকজনকেও বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তায় পাহারায় থাকতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালেও এর দায় বর্তমান বিএনপি সরকারের ওপর চাপানোর চেষ্টা হতে পারে। তার দাবি, অতীতে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সময়ও এমন চেষ্টা করা হয়েছিল। তবে ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে কর্মসূচি গ্রহণ করা উচিত। অন্যথায় বিরোধী দলের কোনো ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হতে পারে।
এদিকে, ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভা শেষে এ কর্মসূচির কথা জানানো হয়।
পরিকল্পনা অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সভা এবং রংপুর জিলা স্কুলে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি পথে পাঁচটি জেলায় পাঁচটি পথসভা করার কর্মসূচিও রয়েছে।