বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২

খাদিজা আক্তার, গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম

বিমানবন্দরে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেফতার ২। ছবি: মনোযোগপ্রকাশ

কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ দুই শীর্ষ নেতা।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের মৃত আবদুল হাই মৃধার ছেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।

ডিএমপির বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নাসির উদ্দিন মৃধা ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসছেন। খবর পেয়ে পুলিশ বিমানবন্দরের ভেতরের টার্মিনালে কঠোর নজরদারি বাড়ায়।

ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই বিমানবন্দর থানা-পুলিশ তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলার সত্যতা নিশ্চিত হয়ে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিমানবন্দর থানায় গ্রেফতার দুই আসামিকে শ্রীপুরে নিয়ে আসতে ইতোমধ্যে পুলিশের একটি বিশেষ টিম ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970