হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্রের ন্যূনতম পরিবেশও অবশিষ্ট ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আইডিয়া ফেস্টের’ চূড়ান্ত পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল, তখনও জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কার্যক্রম পরিচালনা করেছে, তা অভূতপূর্ব।
তিনি বলেন, অনেক স্বৈরশাসকের আমলেও বিশ্ববিদ্যালয়গুলোতে ন্যূনতম কথা বলার সুযোগ ছিল। কিন্তু শেখ হাসিনার শাসনামলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না।
তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পনার কথা বলেছেন। তরুণদের প্রশ্ন করার পরিসর তৈরি হলেই সেই পরিকল্পনার উপাদান পাওয়া যাবে। তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, তরুণদের উদ্বুদ্ধ করতে সংগঠনটি বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। স্বৈরশাসনের সময় নানা বাধা পেরিয়েও সংগঠনটি তরুণদের নিয়ে কাজ চালিয়ে গেছে।