বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ সীমান্তবর্তী কৃষকেরা এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির হাতে তুলে দিয়েছেন। বর্তমানে ওই ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম সাহাজুল ইসলাম (৩২)। তিনি জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান সাহাজুল ইসলাম। এ সময় নদীর সীমান্তবর্তী এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এর জেরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তার পা ও শরীরের বিভিন্ন অংশে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহত সাহাজুলকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রতিবাদে সীমান্তবর্তী ফসলের মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকেরা ক্ষুব্ধ হয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এদিকে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেয় বিজিবি। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনার প্রতিবাদ জানান।
কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, বিএসএফের গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রোটোকল এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তা বিজিবির নিয়ন্ত্রণে আছে।