বাড়ির সামনে বসে কথা বলছিলেন বউ শাশুড়ি, বাসচাপায় দুজনই নিহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম
জামালপুরের বকশীগঞ্জে দ্রুতগতির বাসের চাপায় বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত মকছেদ আলীর স্ত্রী রুপেজা বেগম (৬৫) এবং নূর ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জামালপুর বকশীগঞ্জ সড়কের ঠাকুরপাড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে বসে কথা বলছিলেন রুপেজা ও ফরিদা। এ সময় জামালপুর থেকে আসা রৌমারীগামী শান্তি পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ও এর সহকারীকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল লতিফ জানান, আটক বাসসহকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।