সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম
সরকার নতুন করে বিধবা কিংবা বেকার কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে তা গ্রহণ করবেন বলে কটাক্ষ করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশে স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের সমালোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশে সাম্প্রতিক সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ডিলার নিয়োগে সংসদ সদস্যদের ছেলে, মেয়ে এমনকি শালিরাও ডিলারশিপ পেয়েছেন বলে দেখা গেছে। তাঁর ভাষ্য, দেশের বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার বিধবা কিংবা বেকার কার্ড চালু করলেও সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। এ প্রসঙ্গে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়টি তুলে ধরেন। হাসনাত আবদুল্লাহর দাবি, বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে শিক্ষক ও শিক্ষার্থীদের কেউই চান না।
এ সময় একটি বিশেষ গোষ্ঠী দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।