মিষ্টির সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। আসনটি বিএনপির পাওয়ার কথা থাকায় এবং অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ না থাকায়, মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে এলিজা জামান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করা যাবে। আপিল করা হলে আগামী ২৯ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে।
তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী, শূন্য হওয়া আসনটি বিএনপির পাওয়ার কথা। ফলে এ আসনে অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। মনোনয়নপত্রে কোনো ত্রুটি না থাকলে এবং যাচাই বাছাই ও আপিলসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ভোটের নির্ধারিত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।
পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।