প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন জামায়াত আমির, পদত্যাগের দাবি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম
সীমান্ত দিয়ে মদ, টাকা ও অস্ত্র প্রবেশ করলে সেই সরকারের আর প্রয়োজন থাকে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াত আমির।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ে সেবা দিয়ে থাকেন, অথচ তার প্রধান দায়িত্ব নিজের মন্ত্রণালয় পরিচালনা করা। দেশে মাদক, অস্ত্রের প্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলতে হবে, তিনি কখন এবং কোথায় বৈঠক করেছেন বলে দাবি করছেন। এ বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যেন তার বক্তব্যের প্রমাণ দেন।
এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, বিরোধীরা সংসদের ভেতরেই সব সংকটের সমাধান করতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকারই তাদের রাজপথে নামতে বাধ্য করেছে বলে অভিযোগ করেন তিনি।