প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাপান সফরের বিষয়টি নিশ্চিত করেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, “আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।”
আগামী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দলও এ সফরে অংশ নেবে।
সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।
জাপান সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তার।