হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’: নুর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর দাবি ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি অভিযোগ করেছেন, ভারত শেখ হাসিনাকে দিল্লিতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এ ক্ষেত্রে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে নুরুল হক নুর বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর কথা বলেছেন। এটি ‘মামার বাড়ির আবদার’ ছাড়া আর কিছু নয়। জনগণের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো একজন সাবেক শাসককে সামরিক বিমান দিয়ে ফিরিয়ে আনার দাবি কীভাবে করা হয়, সেই প্রশ্নও তোলেন তিনি।
নুর বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ডিসেম্বরে যেসব ঘটনা ঘটছে, তার পেছনে দিল্লির ভূমিকা রয়েছে বলে তাদের ধারণা। তিনি স্পষ্ট করেন, এটি সরকারের বক্তব্য নয়, বরং গণঅধিকার পরিষদ এবং তার ব্যক্তিগত বক্তব্য।
ভারতের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ভালো বন্ধুরাষ্ট্র পায়নি, বরং পেয়েছে দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র। দিল্লি সব সময় বাংলাদেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করে আসছে। শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের পেছনেও দিল্লি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান নুর।
শ্রমিক আন্দোলনকারীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, দিল্লির ষড়যন্ত্রের কারণে দেশের তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। শ্রমিকদের প্রতি বিনয়ের সঙ্গে আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতেও তারা আন্দোলন করেছেন, তবে ব্যক্তিগত লাভ বা লোভের উদ্দেশ্যে নয়।
নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে স্বচ্ছতার দাবি তুলে নুর বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাংবাদিকরা অনুসন্ধান করে তার সুপারিশে কোনো লাইসেন্স অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ পেলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। তার কারণে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা নিয়েছে, এমন প্রমাণ পাওয়া গেলেও পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন তিনি।