দেশে আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না: রাশেদ খাঁন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি হলে কেউই রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। বিএনপির কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। তবে জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িঘর কিংবা কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে না। এ বিষয়টি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ না করলেও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াতের অবস্থান নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। তবে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে, এমন অভিযোগ তারা করছেন না। বরং রাজপথে তাদের অবস্থানের প্রমাণ দেখতে চান।

রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে অংশ নেবে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি হলে কেউই রক্ষা পাবে না। শুধু সরকারি দল বিপদে পড়বে, বিরোধী দলের এমনটা ভাবার সুযোগ নেই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া এবং সমন্বয়ক হাসিবকে ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টার অভিযোগও তুলে ধরেন রাশেদ খাঁন।

সরকারি দল কিংবা বিরোধী দল, কেউই আওয়ামী লীগের হাতে নিরাপদ নয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বিষয়টি উপলব্ধি করে বসে সিদ্ধান্ত নিতে হবে।

জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাদের কারও জেল বা হয়রানির শিকার হতে হবে না বলে তিনি নিশ্চয়তা দিচ্ছেন। তারা সবাই একসঙ্গে আন্দোলন করেছেন, প্রয়োজনে আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970