পঞ্চগড়ে জয়লাভের পর আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ভোটে জয়লাভের পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেন। এসময় তিনি আওয়ামী লীগের নেতা ও কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, “সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান আজ আমাদের ইউনিয়ন অফিসকে তালামুক্ত করেছেন।” মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, “আমাদের নামে মিথ্যা মামলা রয়েছে, তার জন্য আমরা আবু দাউদ প্রধানের কাছে সহায়তা চাই।”

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন যোগ করেন, “বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। দলমত নির্বিশেষে আমরা এলাকায় শান্তি চাই।”

আবু দাউদ প্রধান বলেন, “আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের জয় হয়েছে। উভয় দলের নেতাকর্মীর মধ্যে দুষ্ট প্রকৃতির লোক থাকলেও তাদেরকে আমরা প্রশ্রয় দেব না। আওয়ামী লীগের ভাইদের বলব, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে কোনো অন্যায় করবেন না।”

মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, “এই অফিসটি আগে জামায়াতের লোকেরা তালাবদ্ধ রেখেছিল। আজ আমরা এটি খুলেছি। আপাতত আওয়ামী লীগের কোনো কার্যক্রম এখানে হবে না।”

আবু দাউদ প্রধান আরও বলেন, “এটি আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় উত্তেজনা না ছড়াতে আওয়ামী লীগের অফিস শান্তিপূর্ণভাবে খুলে দিয়েছি।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970