নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও জেলা সদরে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়।
এ সময় আমিরুল ইসলামের ছোট ভাই দুলালের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুতফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান এবং হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
দুর্বৃত্তরা হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর করে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আমিরুল চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, সন্ধ্যার আগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নৈহাটি বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের কিছুক্ষণ পর আমিরুলের বাড়ি এবং তার ভাইয়ের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অন্য বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এসব ঘটনার বিষয়ে তাঁর কাছে সরাসরি কোনো খবর আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিষয়গুলো জানতে পেরেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, রাত আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হেলমেট পরা একদল ব্যক্তি হঠাৎ ওই বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালায়। এ সময় বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।