হাটহাজারীতে নাশকতা মামলায় সাবেক শিবির সভাপতি গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতা সংক্রান্ত একটি মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৬ মার্চ) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে হাটহাজারী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সালাউদ্দীন আইয়ূবী সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাটহাজারী থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান জানান, ২০১৩ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু জানাননি তিনি।