‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ মন্তব্য, সেই এএসআই ক্লোজড
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক মো. ইলিয়াস হোসাইনের ঘুষসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার ৫ অক্টোবর রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়া নিয়ে তাকে প্রকাশ্যে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে এএসআই ইলিয়াসের ওই বক্তব্য ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।
এদিকে, ভাইরাল ভিডিও ও এএসআই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এরই মধ্যে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেলের কর্মকর্তা মো. মাফিউর রহমান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।