পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম
পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক তদন্ত আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামান মুক্তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নাঈমুজ্জামান মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার মামলা রয়েছে। এ ছাড়া বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, নাঈমুজ্জামান মুক্তা নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনের সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রথমবারের মতো দলের মনোনয়ন পান। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।