হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ৬ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস। ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ট্রেনের ‘ন’ ও ‘ত’ নম্বর বগি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি চালকের নজরে আসার পর তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ওই রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে এ পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও আটকা পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, তিস্তা এক্সপ্রেস কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বগির সংযোগ হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। মেরামতের কাজ শেষ হলে তিস্তা এক্সপ্রেস আবার দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শেষ করে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।