যুবদলের সম্পাদক হলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি, ক্ষোভে ৬ জনের পদত্যাগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে স্থানীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে রাখাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নবগঠিত কমিটির ৮ সদস্যের মধ্যে ৬ জন একযোগে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের অনুমোদনে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। পরে তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি প্রকাশ্যে আসতেই সংগঠনের ভেতরে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

জানা যায়, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুজনের নাম রয়েছে। মামলার ২৮ জন আসামির মধ্যে তিনি ২৫ নম্বর আসামি। বিষয়টি সামনে আসার পর কমিটির ৬ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী সদস্যদের দাবি, একটি বিতর্কিত মামলার আসামির নেতৃত্বে কমিটি পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। তবে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

অভিযুক্ত গাজী এনামুল হক সুজন দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। অন্যদিকে স্থানীয় যুবদল নেতাদের কেউ কেউ বলছেন, তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে।

এ বিষয়ে ফেনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জানান, কমিটি ঘোষণার সময় সংশ্লিষ্ট মামলার বিষয়টি তাদের জানা ছিল না। বর্তমানে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করছে এবং ফেনী সদর আমলি আদালতে বিচারাধীন রয়েছে। তদন্তাধীন মামলার একজন আসামিকে সাংগঠনিক পদে রাখাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970