মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে শেরপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ও আলোচিত ঘটনা।
দীর্ঘদিন আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত দেবপ্রিয় দাস (শিবু) এবার আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করে ব্রাজিলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। এই ঘোষণাকে স্মরণীয় করতে তিনি ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০ থেকে ২৫ জন ব্রাজিল সমর্থক।
ব্রাজিল সমর্থক মো. আলিম জানান, শিবু দীর্ঘদিন লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে আসন্ন বিশ্বকাপ মেসির শেষ আসর হতে পারে—এমন ধারণা থেকে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ের অভাবে তিনি আগের মতো আস্থা পাচ্ছেন না।
অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল ও তারকা নেইমারের খেলা তার বেশি পছন্দ বলেও জানান তিনি।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় দেবপ্রিয় দাস শিবু বলেন, তিনি দীর্ঘদিন মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। তবে এখন মনে হচ্ছে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দল আগের মতো শক্তিশালী নয় বলে তার মনে হয়েছে। এসব কারণেই তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।
এদিকে স্থানীয় মেহের খান জানান, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে শিবুকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল সমর্থক হিসেবে বরণ করে নেওয়া হয়। এ সময় ব্রাজিল সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।
স্থানীয়দের মতে, বিশ্বকাপ সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও হাস্যরস।