ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ চলাকালে জনতার ওপর যাত্রীবাহী বাস উঠে গেলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। পরে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভে ছয়টি যানবাহনে আগুন দেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার শুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমবোঝাই একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে জড়ো হন।

এ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা মানুষের ভিড়ের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও অন্তত ২০ জন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970