প্রেমের টানে নেত্রকোনা এসে ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়েতে। ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, চীনের হুপেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি উভয় পরিবারের সদস্যদের জানালে দুই পরিবারই এতে সম্মতি দেয়।
ভালোবাসার টানে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর কনের পরিবারের সদস্যরা তাকে মোহনগঞ্জে নিয়ে যান। পরে ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেন তিনি। এরপর মুসলিম রীতি অনুযায়ী নাজমিন আক্তার লিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
নবদম্পতিকে ঘিরে শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে জাঁকজমকপূর্ণ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার। এ উপলক্ষে বাড়িতে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের পাশাপাশি আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।
কনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিয়ের আগে চীনা দূতাবাস এবং বরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়-স্বজনের পরামর্শে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক অনুষ্ঠান শেষে বর চীনে ফিরে গিয়ে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করবেন। এরপর লিজাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, শুরুতে আন্তর্জাতিক প্রতারণার বিভিন্ন ঘটনার কারণে কিছুটা উদ্বেগ থাকলেও পরিবারের পক্ষ থেকে সব তথ্য যাচাই করে বিয়ের ব্যবস্থা করায় এখন আর কোনো সংশয় নেই। তিনি নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।