জুলাই অভ্যুত্থানকে কালিমায়ে তাইয়্যেবার মতো বিশ্বাস করি: এমপি মনিরুল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি তাদের বিশ্বাস অত্যন্ত গভীর। একই সঙ্গে তিনি দেশ গঠনের স্বার্থে ধৈর্য ধারণ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান স্মারক উৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের প্রত্যাশা ও কষ্ট উপলব্ধি করেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দেশ ও স্বাধীনতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথেই এগিয়ে যাবে।
সংসদ সদস্য আরও বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি কুমিল্লার উন্নয়নেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কুমিল্লাকে এগিয়ে নিতে তিনি কাজ শুরু করেছেন উল্লেখ করে এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহযোগিতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, আর সেই সঙ্গে কুমিল্লার উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আন্দোলন দমনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এসব আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাজমুল হাসান আরও বলেন, দেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ—উভয়কেই যথাযথ মর্যাদায় স্মরণ করা প্রয়োজন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে কুমিল্লার শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নেন এবং শুরুতেই হামলার শিকার হন।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে বিরোধী শক্তিগুলোর অবস্থান অভিন্ন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।