মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে বোমা হামলা, তদন্তে পুলিশ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গেটে নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, একই দিন ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নেন সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের বাড়িতে এই প্রথম এমন হামলার অভিযোগ উঠল।