আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ.লীগ নেতা মনির খানের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান, পরিচিত নাম মনির খান (৪৮), মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনির খান আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের দাবি, ওই ছবি প্রকাশের পর তার বিরুদ্ধে থাকা সব মামলায় পর্যায়ক্রমে জামিন মঞ্জুর হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর সুস্থ হয়ে হাসপাতাল বা কারাগার থেকে বের হতে পারেননি।

মিজানুর রহমান খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল খালেক খানের ছেলে। তিনি পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ঢাকায় ৬টি এবং পটুয়াখালী সদর থানায় ২টিসহ মোট ৮টি মামলা ছিল। প্রায় ১১ মাস ঢাকা ও পটুয়াখালী কারাগারে থাকার সময় বিভিন্ন মামলায় তাকে পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখিয়ে আটক রাখা হয়। তার স্ত্রী মোসাম্মদ সালমা জাহান, যিনি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, তাকেও একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কিছুদিন কারাবন্দি রাখা হয়েছিল।

সালমা জাহান জানান, গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় মনির খান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং দুই দিন পর থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় দুই মাস নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ৩০ জুলাই মনির খানের বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলাতেও আদালত জামিন মঞ্জুর করেন। এর আগেই বাকি সাতটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। হাতকড়া পরা ছবি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পুলিশ তার হাত থেকে হাতকড়া খুলে নিলেও ততক্ষণে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মনির খানকে দাফন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970