'তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই', পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে তেলের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মো. নাঈম নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মো. নাঈম উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পছন্দের মোটরসাইকেল কেনার পরিকল্পনা থাকলেও তেলের দাম শুনে সেই ইচ্ছা আর নেই বলে পোস্ট দেন তিনি।

সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের বিষয়ে নাঈম বলেন, তাকে বহিষ্কারের আগে কোনো ধরনের নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। ছাত্রদলের গঠনতন্ত্র অনুসরণ না করে এবং কোনো নোটিশ ছাড়াই তেলের দাম বৃদ্ধির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ছাত্রদল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে পারে কি না, জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, তাদের স্বাক্ষরেই ওই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। সে হিসেবে তাকে বহিষ্কার করার ক্ষমতা তাদের রয়েছে। এ ছাড়া জেলা কমিটির মৌখিক অনুমতি নিয়েই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970