বিএনপি নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও গুলি, চিঠিতে লেখা ‘এত উইড়েন না’
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
ঢাকার সাভারের আশুলিয়ায় মো. ইসমাইল হোসেন মোল্লা নামে এক বিএনপি নেতাকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির চিঠির সঙ্গে তার বাড়ির সামনে রেখে যাওয়া হয়েছে একটি গুলি, কাফনের কাপড়, আতর, সাবান ও গোলাপজল। চিঠিতে তাকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘এত উইড়েন না’।
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ওই নেতার বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগে এসব সামগ্রী রেখে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ব্যাগটি জব্দ করে নিয়ে যায় আশুলিয়া থানা-পুলিশ।
হুমকি পাওয়া ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী।
পরিবারের সদস্যরা জানান, ভোরে বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন। পরে ব্যাগটি খুলে কাফনের কাপড়, গুলি ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি একটি হুমকির চিঠি পাওয়া যায়।
চিঠিতে ইসমাইল হোসেন ও তার পরিবারের সদস্যদের সতর্ক করে বলা হয়েছে, তারা যেন বেশি ‘উড়তে’ না থাকেন। নিজেদের আচরণ সংশোধন না করলে অদৃশ্য কেউ তাদের কাছে ‘সালাম’ পৌঁছে দেবে এবং পরকালের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠির শেষে ‘অদৃশ্য মুসাফির’ নাম ব্যবহার করা হয়েছে।
ইসমাইল হোসেন মোল্লা বলেন, এত দিন তিনি মনে করতেন তার কোনো শত্রু নেই। তবে এখন বুঝতে পারছেন, তার শত্রু রয়েছে। কারা এই হুমকি দিয়েছে, তা তিনি জানেন না। তবে তিনি এ ঘটনায় ভয় পাচ্ছেন না এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।