কক্সবাজারে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর অটোরিকশার তিন যাত্রী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত অন্য যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাযদার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970