মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে স্বামীর কাছ থেকে আলাদা করে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন এক মা। প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের বাসিন্দা জুলেখা বেগম প্রকাশ্যে প্রায় ৫ কেজি দুধ দিয়ে গোসল করেন। বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
জুলেখা বেগমের দাবি, প্রায় ১৪ বছর আগে তার মেয়ে মনিরা খাতুনের সঙ্গে সুমন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েকে তার স্বামী নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তিনি।
সম্প্রতি মেয়েকে স্বামীর কাছ থেকে আলাদা করে আনতে পারলে দুধ দিয়ে গোসল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলেখা বেগম। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার সকালে তিনি দুধ দিয়ে গোসল করেন বলে জানান।
মনিরা খাতুন অভিযোগ করে বলেন, তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তাকে মারধর করতেন। এ কারণে তিনি ওই সংসারে আর থাকতে পারেননি। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের প্রক্রিয়ায় স্বামীর কাছ থেকে আলাদা হয়েছেন বলেও জানান তিনি।
তবে মনিরার স্বামী সুমন শেখ তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।
জুলেখা বেগম বলেন, মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনতে পারায় আগে করা নিজের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দুধ দিয়ে গোসল করেছেন।
এদিকে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।