বিএনপি অফিসে ভাঙচুর: যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অন্তত ৫০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার ৫ অক্টোবর কুমিল্লার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে মামলাটি করেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবিদা সুলতানা মলি মামলার অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মজুমদার, ডা. মহিন উদ্দিন, ইকবাল হোসেন মজুমদার, আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া, সৌরভ হোসেন, কামাল হোসেন, সেরাজুল হক ওরফে চারু, ছাত্রদল নেতা আল আমিন অয়ন ও রাজু আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, লালমাই উপজেলা বিএনপির কার্যালয়টি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে লালমাই উপজেলা যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতীকী ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযোগ অনুযায়ী, মিছিল শেষে যুবদলের আহ্বায়কের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বাঁশের লাঠি, এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লা নোয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালানো হয়।

পরে হামলাকারীরা বিএনপি কার্যালয়ের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা পোস্টার, ব্যানার ও নেতাদের ছবিও ভাঙচুর করে সেগুলো রাস্তায় এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।

তবে মামলার আসামি লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার দিন দলের সিনিয়র নেতৃবৃন্দসহ তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন। সে সময় পুলিশও উপস্থিত ছিল। পরে কারা দলের কার্যালয়ে হামলা করেছে, তা তিনি জানেন না। তাকে হয়রানি করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে মামলার বাদী মোহাম্মদ আলী মিয়াজী বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করার পর মামলা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কুমিল্লাকে নির্দেশ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970