যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি, চিরকুটে লেখা ‘জয় বাংলা’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলায় আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, গোলাপজল ও আগরবাতি রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়, যেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নেতা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন (৫০) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

মোবারক হোসেন জানান, ঘটনার সময় তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোনে বিষয়টি জানার পর দ্রুত সেখানে ফিরে আসেন। পরে স্থানীয় দলীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে একটি শপিং ব্যাগ খুলে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পায়। পরে রাত ১০টার দিকে এসব আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাকে গালাগাল করার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে প্রার্থী না হওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে চিরকুটের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মোবারক হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা কর্মীদের ভিড় দেখা যায়।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970