গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শনিবার ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর এলাকায় অবস্থিত ওষুধ কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এ ছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।