শেরপুরে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা কারাগারে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম
শেরপুরের ঝিনাইগাতীতে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত নলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মতিন তালুকদারের বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২ লাখ ২৪ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল মতিন তালুকদারের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।