৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা কাঠেরপুল এলাকায় জড়ো হতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। তাদের মূল দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতেই তারা সড়ক অবরোধ করেছেন।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের একটি দল। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।