দেশে নতুন গ্যাসকূপের সন্ধান, চলবে ২০ বছর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন এই কূপ থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ বছর পর্যন্ত এই কূপ থেকে গ্যাস উত্তোলন করা যাবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক হিসাবে কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ডিএসটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কূপটির প্রকৃত গ্যাসের মজুত ও উত্তোলন সক্ষমতা নিশ্চিত হওয়া যাবে।
জানা গেছে, নতুন এই কূপ থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাব অনুযায়ী, কূপটি থেকে পাওয়া গ্যাসের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চালানোর পর গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে আগুনের শিখা জ্বালানো হয়। তবে অতিরিক্ত তাপ ও গরম বাতাসের কারণে পরবর্তী সময়ে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।