সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘায় অবস্থিত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল শাহরিয়ার আলমের বাড়িতে আসে। এ সময় তারা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিসংযোগের পর ওই ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
ঘটনার বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।