মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক অবরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে তারা মুকসুদপুর থানার সামনে যান। সেখানে ইটপাটকেল নিক্ষেপের পর থানার ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান।
পরে থানার ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি বাইরে রাখা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। ঘটনার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।