২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন আজহারী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম
রাজশাহীতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর শনিবার রাজশাহীতে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।
রাজশাহীতে এটিই হবে মিজানুর রহমান আজহারীর প্রথম তাফসির মাহফিল। তাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুর ১২টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের প্রত্যাশা, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসির মাহফিল হবে। মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।