চট্টগ্রামে সাবেক এমপি আল মামুনের বাড়িতে হামলা, আগুন ও ভাঙচুর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এস এম আল মামুনের ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাবেক সংসদ সদস্যের বাড়ি লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তাদের হাতে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।

এ সময় বাড়িতে দায়িত্বে থাকা দারোয়ান আলাউদ্দিনকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পাশাপাশি হামলাকারীদের পরিচয় প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও জানান ওই বাসিন্দা।

তার ভাষ্য অনুযায়ী, রাত ২টা ৩৪ মিনিটে একাধিক ককটেল বিস্ফোরণের পর বাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় বাড়ির সামনে থাকা একটি ব্যক্তিগত গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বাড়ির জানালার কাচ ভাঙচুর করে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

তবে আগুন দেওয়ার বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছে পুলিশ। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রুবেল আফ্রাদ বলেন, কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। ঘটনার খবর পাওয়ার পরপরই উপপরিদর্শক সুজাত উল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, পুলিশের প্রাথমিক তথ্যমতে, বাড়ির সামনে রাখা একটি বাক্সে আগুন দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাড়িতে আগুন দেওয়ার ভিডিওটি আগের ঘটনার বলে জানিয়েছেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970