আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। অনেক কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও কর্মক্ষেত্রে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

এদিন সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দুটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনার পর আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।

হঠাৎ ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। তারা কারখানা খুলে দেওয়ার দাবি জানান। শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা পরিশোধ না করে এভাবে বিনা কারণে কারখানা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত নয়।

তারা আরও বলেন, মালিকরা নিজেদের দায় এড়াতে শ্রমিকদের আন্দোলনের জন্য দায়ী করছেন। সময়মতো বেতন না দিয়ে আন্দোলনের অজুহাতে বিনা কারণে কারখানা বন্ধ রাখছেন।

পুলিশ জানায়, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে বারবার শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মালিকরা। এতে পোশাক রপ্তানি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970