পাবনায় চলছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ, আহত কয়েকজন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
এ সময় নিষিদ্ধ সংগঠনটির সমর্থকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
বিকেল ৪টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।’
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষ জমায়েত হয়েছে। পুলিশ, এসআরবি ও ম্যাজিস্ট্রেট মাঝখানে রয়েছেন। উত্তেজিতদের শান্ত করে সরানোর চেষ্টা চলছে।’