১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাদের ওপর চড়াও হন বলে জানায় পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন।
পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এর আগে আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিজানুর রহমান মিজান। তার দোকানে মাত্র ১০০ টাকায় এক পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল খাওয়ার সুযোগ থাকায় অল্প সময়েই দোকানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
দোকানটির নাম দেওয়া হয়েছিল ‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘গরিবের বুফে’ নামেও পরিচিতি পায়।
দোকানে খাবার পরিবেশন ও খাওয়ার পদ্ধতির বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিজানুর রহমান ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।