অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
অক্টোবর মাসে দেশে জ্বালানি তেলের দাম নতুন করে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামই অক্টোবরজুড়ে বহাল থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার ৩০ সেপ্টেম্বর এ চিঠি পাঠানো হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। পরদিন ২১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়।
তখন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।