বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই তৃষার সঙ্গে প্রকাশ্যে বিজয়, জোরালো হলো পরকীয়ার আলোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম
দক্ষিণ ভারতের জনপ্রিয় তামিল তারকা থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম–এর দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণান–এর সঙ্গে বিজয়কে একসঙ্গে জনসমক্ষে দেখা যাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষা একই গাড়িতে করে অনুষ্ঠানে আসেন এবং একসঙ্গে ভেন্যুতে প্রবেশ করেন। গত ডিসেম্বর মাসে সঙ্গীতা সোরনালিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর এই প্রথমবারের মতো জনসমক্ষে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা গেল।
এনডিটিভি জানায়, তামিলনাড়ুর একটি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সঙ্গীতা। আগামী ২০ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতন, অবহেলা এবং অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তুলেছেন।
তামিল চলচ্চিত্রে বিজয় ও তৃষা কৃষ্ণান দীর্ঘদিন ধরেই জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। প্রায় ১৫ বছর পর তারা আবারও একসঙ্গে কাজ করেন লিও সিনেমায়। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে নিজের এক ভক্ত সঙ্গীতাকে বিয়ে করেন বিজয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে গত দুই বছর ধরে বিজয়ের বিভিন্ন চলচ্চিত্রের প্রচার কিংবা রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতাকে দেখা না যাওয়ায় দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছে বলে আলোচনা শুরু হয়, যা সাম্প্রতিক ঘটনাগুলোর পর আরও জোরালো হয়ে উঠেছে।