আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট: আসিফ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’
যদিও ওই পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তার এই মন্তব্য ক্রিকেটার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করেই করা হয়েছে।
এর আগে গত মার্চে যুক্তরাজ্যে সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আসিফ আকবর। অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে কেক কাটতে এবং একে অপরকে কেক খাইয়ে দিতে দেখা যায়। সে সময় সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়েছিল।
এ ছাড়া গত ৪ মার্চ গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আসিফ আকবর বলেছিলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে থাকা আইনি জটিলতা নিরসনের বিষয়টি মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইন বিভাগও বিষয়টি নিয়ে কাজ করছে। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগে এ সমস্যার সমাধান হবে।